শেরপুরের নালিতাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে সাইফুল ইসলাম ইউসুফ (৬৫) নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে সুমন মিয়া (৪৫) এর বিরুদ্ধে। ১৪ ফেব্রুয়ারি শনিবার উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বেণুপাড়া এলাকায় এঘটনা ঘটে। অভিযুক্ত সুমন মিয়া কাকরকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
সুত্র জানায়, ভুক্তভোগী সাইফুল ইসলামের সাথে অনেকদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল অভিযুক্ত সুমন মিয়ার। শনিবার ওষুধ কিনতে বাজারে যান সাইফুল ইসলাম। ওষুধ কেনার পর চায়ের দোকানে চা খাচ্ছিলেন তিনি, এমন সময় সুমন মিয়া আসলে বাকবিতন্ডা শুরু হয়। সুমন মিয়া সেখানেই সাইফুল ইসলামকে মারধর করতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে সাইফুল ইসলামকে উদ্ধার করেন। তিনি বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কিনতে বাজারে গেলে সুমন আমাকে নানা ধরনের কথা শুনাতে থাকে, একপর্যায়ে আমার গলায় আঘাত করে ও রাস্তায় ফেলে মারধর করে। পরে এলাকার বিএনপি নেতাসহ কয়েকজন আমাকে উদ্ধার করে।’
এবিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সুমন মিয়াকে মুঠোফোন কল দিলে অভিযোগের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এধরনের কোন ঘটনাই ঘটেনি, আমার উপর মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’
জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার বলেন, কাকরকান্দি এলাকায় এমন একটি ঘটনার কথা তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।