শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। ২ মার্চ রোববার পবিত্র ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন সূত্র জানায়, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছরের মতো এবারও অসহায়দের সাথে ঈদ ও রোজার আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেয় সংগঠনটি। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ডাল, চিনি, ছোলা বুট, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, সাবান, গুড়ো দুধ, মুড়ি ও সেমাই।
খাদ্যসামগ্রী পেয়ে সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
সংগঠনটির চেয়ারম্যান সদরুল আমিন জাবির বলেন, “রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় চেষ্টা করে যাচ্ছে যেন কোনো পরিবার অভাবে না থাকে। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।”
জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তাজবীর হাসান সিফাত বলেন, অসহায়দের জন্য আমাদের এধরনের কাজ আগামী দিনেও অব্যহত থাকবে ইনশাআল্লাহ।