শেরপুরের নালিতাবাড়ীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার লক্ষ্যে র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ ফেব্রুয়ারি বুধবার পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার শাহী মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মোড়ে এসে শেষ হয়।
শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়েরসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে ধূমপান ও পানাহার থেকে বিরত থাকা, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা পরিহারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল এ র্যালির মূল উদ্দেশ্য।