শেরপুরের ঝিনাইগাতীতে কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না বালু লোপাট! ৭ ফেব্রুয়ারি শনিবার ও ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের হালচাটি লেবারমোড় এলাকায় সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি টহলদল অভিযান চালিয়ে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৬টি ভ্যানগাড়ি আটক করেছে।
কিন্তু বালু পাচারকারীদের আটক করতে পারেনি বিজিবি। এনিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নকশী ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃত ভ্যানগাড়িগুলোতে অবৈধ বালু পরিবহন করা হচ্ছিল। পরে জব্দ করা বালুসহ ভ্যানগাড়িগুলো আইনগত প্রক্রিয়ার জন্য ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কোন ভাবেই সরকারি নদী নালা খাল ও পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।