নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর রোববার এ উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দূর্জয় হাসান শাকিল, কৃষকদলের সদস্য সচিব মোঃ বাচ্চু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুকন, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার ও যুবদল নেতা মামুন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার আদায়ে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
এর আগে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবদল ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।