শেরপুরের নালিতাবাড়ীতে ২০০ পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ ও ৫০০ মানুষ নিয়ে ইফতার মাহফিল করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। ৬ মার্চ শুক্রবার উপজেলার রূপনারায়নকুড়া আলিম মাদ্রাসা মাঠে অসহায় পরিবারের মাঝে এসব ফুডপ্যাক বিতরণ ও কাকরকান্দি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপির তত্বাবধানে ও তুরস্কভিত্তিক চ্যারিটি সংগঠন “মোস্তফা ইবালী” র সহায়তায় মানবিক এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র আইটি ম্যানেজার সম্রাট বাবরের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা ইবালীর চেয়ারম্যান টার্কিশ নাগরিক মোস্তফা ইবালী ও দিকিজি কাদির। এছাড়াও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এসিস্টেন্ট ম্যানেজার তাশরিক এন্তেহাব সৈকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদের আগ মূহুর্তে ফুডপ্যাক পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
এবিষয়ে গোলাম কিবরিয়া ভিপি বলেন, পবিত্র রমজান মাস মানবিকতা, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। তিনি এই উদ্যোগে সহযোগিতা করার জন্য তুরস্কের বন্ধুপ্রতিম নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।