বাংলাদেশে অবৈধভাবে অবস্থানের পর সীমান্তপথে ভারতে ফেরার চেষ্টাকালে শেরপুরের নালিতাবাড়ীতে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা। পরে একই দিন রাতে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন নুরজাহান খাতুন (৩২), আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০) এবং তিন শিশু সাকিব হাসান শেখ (২), আকিব হাসান (৪) ও রাকিব হাসান (৮)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। শুক্রবার পানিহাতা-ফেকামারী সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করলে বিজিবির অভিযানে আটক হন।
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।