শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সপ্তাহের পর সপ্তাহ সড়কে জমে থাকছে বৃষ্টির পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজারো সাধারণ মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী ব্রিজ পার হয়ে ভূমি অফিস হয়ে কাঁচাবাজার ও মূল বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটিতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টির পানি দীর্ঘদিন ধরে জমে থাকায় সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ে। অনেক পথচারীকে জমে থাকা নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ চলাচল করেন। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক ভিজে যাওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বয়স্ক ও সাধারণ পথচারীদের। অন্যদিকে, বাজারে যাতায়াত ও দৈনন্দিন ব্যবসা-বাণিজ্যেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বারবার দুর্ভোগের শিকার হলেও কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
তাদের মতে, পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকাই জলাবদ্ধতার অন্যতম কারণ। ঝিনাইগাতীতে পৌরসভা না থাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবও এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ অবস্থায় দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বিশেষ করে শেরপুরের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ঝিনাইগাতীর হাজারো মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘব হবে।