অটো রিক্সা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন করেছে ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নকলা পৌর শাখার আয়োজনে শহরের হলচত্বর মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মী ও যানবাহন চালকরা অংশ নেন।
মানববন্ধনে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, নকলা পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।
বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের ঘামে অর্জিত সামান্য আয়ের ওপর পৌর টোলের নামে হাত দেওয়া অন্যায় ও অমানবিক। অবিলম্বে এ চাঁদাবাজি বন্ধ না হলে ছাত্রদল জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামবে।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটো রিক্সা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে, যা মূলত চাঁদাবাজির শামিল। এতে নিম্নআয়ের চালকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যানবাহন চালকদের ভোগান্তি লাঘবে টোল বন্ধের জোর দাবি জানান বক্তারা।