শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার বিওপির কাটাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।