প্রখ্যাত বংশী বাদক ও সংগীত শিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর নামে প্রবর্তিত ‘বারী সিদ্দিকী পদক’ অর্জন করেছেন বাংলাদেশ বুলেটিন, যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাব এডিটর ও ‘প্রেসক্লাব নকলা’র সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ রাকিব।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত স্মরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। প্রয়াত এই শিল্পীর ৭২তম জন্মদিন উপলক্ষে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ফিরোজ হায়দার খান।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাসুম বিল্লাহ রাকিব বলেন, ‘পুরস্কার প্রাপ্তি বরাবরই গর্ব ও সম্মানের। সাংবাদিক হিসেবে এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই প্রাপ্তি। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।’
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- শফি মন্ডল, শাহনাজ বেলী, আশরাফ উদস, নোলক বাবু, সালমা, বিউটি, রাজীব, লিটা সরকার, নিশি শ্রাবণী, ইয়াসমিন সুলতানা লায়লা ও প্রিন্স আলমগীরসহ আরো অনেকেই।
এদিকে প্রসক্লার নকলার সকল সদস্য রাকিবের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন। রাকিকের এই অর্জন সাংবাদিকদের আরো কাজে উৎসাহ প্রদান করবে। এটি প্রেসক্লার নকলার সকল সদস্যের গর্বের বিষয়।
উল্লেখ্য, বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সংগীত ও বাঁশির প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী সময়ে গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানে নিজস্ব স্বকীয়তায় শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। ২০১৭ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেন বারী সিদ্দিকী।
বারী সিদ্দিকী অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে- ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পূবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী হইস নারে অবসান’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ প্রভৃতি উল্লেখযোগ্য।