পুকুরপাড়ে আম গাছে ঝুলছিল তানিয়া (২১) নামে এক গৃহবধুর মরদেহ। ৮ অক্টোবর বুধবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামে এঘটনা ঘটেছে। পরিবারের দেওয়া তথ্যমতে গলায় ফাঁস দিয়ে মারা যায় তানিয়া।
নিহত তানিয়া দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের মৃত. আতাহার আলীর কন্যা। তানিয়ার স্বামী সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তানিয়া গত ৫ অক্টোবর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। বুধবার মাগরিবের নামাজ শেষে তিনি ঘর থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ পরে, ফিরে না আসায় তার মা জরিনা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি বাড়ির সামনের পুকুরপাড়ে একটি আমগাছে মেয়েকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন তানিয়াকে নিচে নামিয়ে আনেন ততক্ষণে তানিয়া মৃত্যুবরণ করেন।