গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ যাগোয়া এলাকায় তালাকের বিষয় জানতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ আনালেরতাড়ী (মুন্সিপাড়া) এলাকার মোঃ রানা মিয়ার মেয়ে মোছাঃ রিয়া খাতুনের সঙ্গে গত ২৬ নভেম্বর ২০২৫ সালে ঢাকায় নিবন্ধিত কাবিননামার মাধ্যমে মোঃ শান্ত মিয়ার বিয়ে হয়। বিবাহের পর তারা দাম্পত্য জীবনযাপন করলেও পরবর্তীতে গোপনে একতরফাভাবে তালাক দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তালাকের বিষয়টি গোপন রাখার পাশাপাশি তালাক দেওয়ার পরও শান্ত মিয়া তাদের বাড়িতে এসে রিয়া খাতুনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তালাকের বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে রিয়া খাতুন তালাকের বিষয়টি স্পষ্ট করার উদ্দেশ্যে অভিযুক্তদের বাড়িতে গেলে সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়া খাতুনকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মোঃ রানা মিয়া গাইবান্ধা সদর থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, অভিযুক্তদের হুমকিতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।