শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে সামনে রেখে প্রস্তুতিমূলক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ আয়োজন করা হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
তিনি নিয়োগ কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন, যাতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করা হয়।
পুলিশ সুপার নিয়োগ ডিউটিতে নিয়োজিত সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডা. শিবলী সামিউল তুষারসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।