শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে বিজিবি। তাঁরা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার মিশন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটক ১২ জনের মধ্যে অধিকাংশই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০) ও একই গ্রামের লোকমানের ছেলে মো. শামীম (২৩)। এ ছাড়া শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯) আটক হয়েছেন।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১) এবং দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫) রয়েছেন আটক ব্যক্তিদের তালিকায়।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও সুরজামানের ছেলে মো. হাসান (২৫) আটক হয়েছেন। তালিকার অন্য দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ , মানব পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে চলমান তৎপরতার অংশ হিসেবে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট ছিল না বলে জানায় বিজিবি। তাঁরা অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর আওতায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন , শেরপুর জেলার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারির পাশাপাশি অভিযানও অব্যাহত রাখা হবে।