বয়োবৃদ্ধ সজু শেখ ও তার অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন। মানবিক সহায়তার পাশাপাশি অসুস্থ নুরজাহানের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
আজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন অসহায় ওই দম্পতির কাছে উপস্থিত হয়ে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের সঙ্গে কথা বলেন, শারীরিক ও পারিবারিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এবং তাদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে যান।
অসুস্থ নুরজাহান বেগমের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসকের উদ্যোগে শেরপুরের আবেদীন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি দম্পতির অন্যান্য প্রয়োজন ও সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
জানা গেছে, বয়োবৃদ্ধ সজু শেখ ও তার স্ত্রী নুরজাহান বেগম দুজনেই বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন। এর পাশাপাশি তাদের জীবনযাপনের অন্যান্য প্রয়োজনীয় বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
এর আগে কয়েকদিন আগেও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই দম্পতির জন্য খাদ্য, আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়েছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় সজু শেখ ও নুরজাহান বেগমের পাশে প্রশাসন সবসময় থাকবে। তাদের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও চিকিৎসা, খাদ্য, আর্থিক সহায়তাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।
অসহায়, বয়োবৃদ্ধ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। সজু শেখ ও নুরজাহান বেগমের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সেই মানবিক দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।