দীর্ঘ ৩৭ বছর বিএনপির সাথে কাজ করার পর শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতে যোগদান করেছেন এক বিএনপি নেতা। ওই নেতার নাম দুলাল হোসেন। তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভার মঞ্চে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। এমন ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি করেছে।
এর আগে দুপুরে দুলাল হোসেন নিজ ফেসবুক আইডিতে লিখেন, “আমি আর পারলাম না!! আমাকে ক্ষমা করবেন দীর্ঘ প্রায় ৩৭ বছরের পথ চলার সাথীরা……”
সূত্র জানায়, ৯০ এর দশকে তুখোড় ছাত্রনেতা হিসেবে বিএনপির সাথে যাত্রা শুরু হয় দুলাল হোসেনের। পরবর্তীতে বিভিন্ন সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। দুলাল হোসেন রাজনৈতিক সভা-সমাবেশে কঠিন বক্তব্য রাখতেন। তিনি নালিতাবাড়ী উপজেলার একজন জনপ্রিয় নেতা ছিলেন। বিএনপিতে গ্রুপিং আর অন্তকোন্দলের রোষানলে পড়ে শেষ পর্যন্ত দল ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তিনি সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে যাত্রা শুরু করেন।
জামায়াতে যোগদানের পর দুলাল হোসেন বলেন, ‘আমার জীবনের প্রায় ৩৭ বছর আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমি বিএনপি ও ধানের শীষের পক্ষে সবসময় কথা বলেছিলাম। যে দলের বৈশিষ্ট্য একজায়গায় লুটে আরেক জায়গায় ঢালতে হয়, যে দলে অঘোষিত রাজতন্ত্র বিরাজমান, যেই দলে ত্যাগী-কারাবরণকারী নেতাদের কোন মূল্যায়ন নাই সেই দলে আর থাকতে চাই না। দ্বীন কায়েমের লক্ষ্যে জামায়াতে যোগদান করলাম।’
শেরপুর-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘দুলাল হোসেন কাকা জামায়াতে যোগদান করাই আমাদের আরো একজন অভিভাবক বৃদ্ধি পেল। ওনাকে আমাদের ছায়াতলে স্বাগতম জানাই। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই।’