শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও শিল্পোদ্যোক্তা হাজি ফরহাদ হোসেনের ওপর হামলা ও তাঁর ব্যবহৃত প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফরহাদ হোসেনের ছোট ভাই স্বপন মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মরিচপুরান ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পরামর্শে গঠিত ওই কমিটির সভায় এমপির প্রতিনিধি হিসেবে হাজি ফরহাদ হোসেন মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।
এ সময় আগে থেকে অবস্থান নেওয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ হোসেন তালুকদারের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে ফরহাদ হোসেন ও তাঁর সঙ্গে থাকা বিএনপি কর্মী ফুল মাহমুদ আহত হন। একই সময়ে হামলাকারীরা ফরহাদের ব্যবহৃত ব্যক্তিগত প্রাইভেটকারও ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ঘটনায় দায়ের করা অভিযোগে মাসুদ তালুকদার, যুবদল কর্মী রুকজনুজ্জামান ও রাসেলসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
হামলাকারীদের অভিযোগ, হাজি ফরহাদ হোসেন একসময় আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ৫ আগস্টের পর তিনি বিএনপি হয়ে গেছেন।
মাসুদ তালুকদার জানান, ফরহাদ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এখানে তার সমর্থকদের নিয়ে মিটিং করতে এলে স্থানীয় জনগণ তার উপর ক্ষিপ্ত হয়।
অন্যদিকে হাজি ফরহাদ হোসেন জানান, কয়েকদিন আগে আমার বন্ধু কাননের ছেলে টিসিবি’র ডিলারশীপ প্রাপ্ত হয়। এ নিয়ে মাসুদ তালুকদারের জেদ ছিল আমার ওপর। তারা এ নিয়ে চাঁদাও দাবী করেছিল। এছাড়াও আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং ভিজিএফ বিতরণে এমপি’র প্রতিনিধি হওয়ায় জেদের বশবর্তী হয়। সবমিলিয়ে তারা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ওপর অতর্কিতে হামলা করে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান লিখিত অভিযোগ প্রাপ্তি ও হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।