নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ ২৭ নভেম্বর ২০২৬ তারিখ সকালে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
সকাল ৬:১৫ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
অষ্টমীতলা-শেরীব্রীজ মোড়-জেলা পরিষদ-সোনার বাংলা বাসস্ট্যান্ড-শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথনটি ডিসি উদ্যানে এসে শেষ হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ম্যারাথনে সক্রিয় অংশগ্রহণ করেন।
ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় ৫০০ জন নারী অংশগ্রহণ করেন। শীতের সকালে তাঁদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
পুরস্কার বিতরণী পর্বে ম্যারাথনে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয় এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৪র্থ স্থান অধিকারিনীকে মিজ্ রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রদান করা হবে বলে মঞ্চে ঘোষণা দেওয়া হয়।
নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক।
পরিশেষে নারী মিনি ম্যারাথনের এ সফল ও সুষ্ঠু পরিসমাপ্তিতে এর সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষত শেরপুর জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।