‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় করণীয় তুলে ধরে মহড়া প্রদর্শন করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. খোরশেদুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মো. শরিফুল ইসলাম শরিফ।
এ সময় সাংবাদিক শফিউল আলম লাভলু, আরিফুর রহমান, শফিউজ্জামান রানা, নাহিদুল ইসলাম রিজন ও আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।