‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়ার আয়োজন করা হয়।
শেরপুর: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নকলা: নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন আ্যনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির শরীফুল ইসলাম প্রমুখ।
নালিতাবাড়ী: নালিতাবাড়ীতে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদী: শ্রীবরদীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।
ঝিনাইগাতী: ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাগুলোতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।