শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের উপর গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার উপজেলার তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির , তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল, সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
একই দিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উপজেলার অন্যান্য স্কুল, কলেজগুলোও পরিদর্শন করেন ইউএনও। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও তাদের অঙ্কিত চিত্র পরিদর্শন করেন অতিথিরা। পুরো জুলাই মাসজুড়েই প্রতিযোগিতা চলার পর সেরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।