১৫ মে শেরপুরের উন্নয়নে শেরপুর প্রেস ক্লাব ৭ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের ডাক দিয়েছে। শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের দাবিতে বৃহৎ নাগরিক মানববন্ধনের আয়োজনটি করেছে শেরপুর প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার খোয়ারপাড় (শাপলা চত্বর) মোড় থেকে অষ্টমীতলা (পুলিশ লাইন্স মোড়) পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের ২পাশে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে এ কর্মসূচিকে সফল করতে গত ১ মাস যাবৎ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে শেরপুর প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ। প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, যোগাযোগ-সব ক্ষেত্রেই শেরপুর পিছিয়ে। দীর্ঘদিনের রাজনৈতিক উপেক্ষায় আমরা বঞ্চিত। এই দাবিগুলো ভবিষ্যৎ প্রজন্মের অধিকার।’ প্রকাশিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে-শেরপুরে আধুনিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, রেলপথ সংযোগ,পর্যটন সুবিধা বাড়ানো ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন।
শেরপুরবাসির অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছরেও শেরপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবহাওয়া অফিস ও র্যাবসহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর স্থাপন করা হয়নি।
রাজনৈতিক প্রতিহিংসা ও উপেক্ষার কারণেই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন তারা। উল্লেখ্য, মানববন্ধন উপলক্ষে শেরপুর প্রেস ক্লাব থেকে দল মত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।