বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নালিতাবাড়ী উপজেলা শাখার একাংশ।
পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ করা হয়। মিছিলে জামায়াত ও এনসিপি বিরোধী স্লোগান দেওয়া হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হুমায়ূন কবির, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ’নেতাকর্মী উপস্থিত ছিলেন।