শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি অটোভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পণ্য ও অটোভ্যানের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন চান্দাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে । এ সময় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস ও একটি অটোভ্যান আটক করা হয়েছে। আটক পণ্য ও যানবাহনের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মোঃ আসিফ শ্রীবরদী প্রতিনিধি শেরপুর, মোবাইল:01310657726.01603486180. তারিখ:০৮/০৯/২০২৬