শেরপুরে অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৌর এলাকার কসবা নামাপাড়া মহল্লায় আলহাজ্ব জমির উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে শেরপুর পৌরসভা।
ক্যাম্পে মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্থানীয় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরীফ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।