খ্রিষ্ট ধর্মাবলম্বীদের তীর্থ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় অধ্যুষিত বারমারী সাধু লিওর ধর্মপল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থ উদযাপন কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বারমারী মিশনের ফাদার তরুন বনোয়ারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসানা আল আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, স্থানীয় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার, নালিতাবাড়ী উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর চৌধুরীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দেশের রোমান ক্যাথলিক খ্রিস্টভক্তদের জন্য পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা বারমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লীতে স্থাপন করা হয়েছে ফাতেমা রাণীর তীর্থস্থান। প্রতিবছর হাজার হাজার ভক্তদের অংশগ্রহণ এই তীর্থ উৎসব পালন করা হয়। চলতি বছরের আগামী ৩০-৩১ অক্টোবর দুই দিনব্যাপী বার্ষিক এই তীর্থ উৎসব পালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবারের তীর্থ উৎসবের মূল সুর হলো- “আশার তীর্থযাত্রী, ফাতেমা রাণী মা মারিয়া।”